টেকজোন টিভি রিপোর্ট, ৬ এপ্রিল, ২০১৯: স্টার্টআপ প্রতিযোগিতার মাধ্যমে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ডুয়েট ও ফেনী বিশ্ববিদ্যালয় থেকে উন্মোচন হয়েছে আরো ছয়টি উদ্ভাবনী ধারণা।
গতকাল শুক্রবার স্টুডেন্ট টু স্টার্টআপ আয়োজনের বুট ক্যাম্পের প্রথম পর্বে ডুয়েট থেকে নির্বাচিত হওয়া ধারণাগুলো হচ্ছে: দেখে-কিনো, টেকনিক্যাল স্কুল এবং হোম সার্ভিস।
অন্যদিকে ফেনী বিশ্ববিদ্যালয় থেকে আসা তিন উদ্যোগ হলো প্রেসিসিটি, পোল্ট্রি ডিক্টর এবং ইজি লাইফ।
ফেনী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শেষ দিনের পিচিং অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুদ্দিন শাহ, আইডিয়া প্রকল্প পরিচালক সৈয়দ মুজিবুল হক, ফেনী জেলার সহকারী কমিশনার এন এম আবদুল্লাহ-আল-মামুন, আইডিয়া প্রকল্পের পরামর্শক মো. দেওয়ান আদনান প্রমুখ উপস্থিত ছিলেন।
যে কোনো বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রছাত্রীরা ১ থেকে ৩ সদস্য বিশিষ্ট টিম গঠন করে নিজের সুবিধা অনুসারে পূর্বে নির্ধারিত ৪০টি ক্যাম্পাসের যে কোনো একটিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে ঐ ভেন্যুতে নির্দিষ্ট তারিখে অংশগ্রহণ করতে পারবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের দুদিনের আয়োজনের প্রথম দিন কর্মশালা এবং দ্বিতীয় দিন পিচিং অনুষ্ঠিত হবে।
মূলত দেশের আট বিভাগ থেকে ৪০টি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে পরিচালিত হবে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ : চ্যাপ্টার ওয়ান’ প্রতিযোগিতা।
ক্যাম্পাস পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করা হবে ৩টি করে দলকে। ৪০টি বিশ্ববিদ্যালয়ে ১২০টি দল নিয়ে সাভারে অনুষ্ঠিত হবে ‘জাতীয় স্টার্টআপ ক্যাম্প। সেখান থেকে নির্বাচন করা হবে সেরা ১০ উদ্ভাবনী ভাবনা।
প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ৩ মে পর্যন্ত এই ঠিকানায় নিবন্ধন করা যাবে।
