ডিজিটাল বার্তা ডেস্ক : অপো শিগগিরই তাদের রেনো ১২ সিরিজ উন্মোচন করবে। ইতিমধ্যেই এই সিরিজের অন্তর্ভুক্ত অপো রেনো ১২ এবং অপো রোনো ১২ প্রো সম্পর্কে নানান তথ্য ইন্টারনেটে ফাঁস হচ্ছে। আর এখন এক নির্ভরযোগ্য টিপস্টার সূত্রে প্রো মডেলেটির কিছু আকর্ষণীয় তথ্য সামনে এসেছে।
বলা হচ্ছে অপো রেনো ১২ প্রোতে মিডিয়াটেক ব্র্যান্ডের একটি বিশেষ সংস্করণের প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়া, এতে নেটওয়ার্ক-ফ্রি “ব্লুটুথ কলিং ফাংশন” মিলবে বলেও দাবি করা হয়েছে। আশা করা যায় ফিচারটি শর্ট-রেঞ্জের যোগাযোগকে সহজতর করবে। তবে, এই বৈশিষ্ট্যটি সম্পর্কে আরও জানতে একটি অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, অপো রেনো ১২ প্রো ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ “স্টার স্পিড এডিশন” চিপসেটে চলবে। আর নামের অতিরিক্ত অংশটি স্ট্যান্ডার্ড ডাইমেনসিটি ৯২০০ প্লাসের তুলনায় আরও দ্রুত ক্লক স্পিডের দিকে নির্দেশ করছে। এছাড়াও ফোনটির মেমরি কনফিগারেশন সামনে এসেছে। এতে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মিলবে বলে জানা গেছে।
অপো রেনো ১২ প্রো হ্যান্ডসেটের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে বলে জানা গেছে, যা ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন৫ টেলিফটো সেন্সর দ্বারা গঠিত। আর ফোনের সামনে একটি ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন৫ সেন্সর অবস্থান করবে বলে জানা গেছে।
