নিজস্ব প্রতিবেদক: স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু করলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উদ্যোগটি বাস্তবায়নে ডিএনসিসি, বিআরটিসি এবং ডিএমপি যৌথভাবে কাজ করবে। বনানী বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজে চালু হওয়া স্কুল বাস সার্ভিসে আপাতত তিনটি রুটে স্মার্ট বাস চলাচল করবে। রুটসমূহের নামকরণ তিনটি ফুলের নামে নাম করণ করা হয়েছে জবা, গোলাপ, টগর। শিক্ষার্থীদের ভাড়া প্রতি কিলোমিটার হিসেবে নির্ধারণ করা হয়েছে। ভাড়ার পরিমাণ মাসিক ৮০০ টাকা হতে ১২০০ টাকা পর্যন্ত হতে পারে।
বুধবার (০৩ জুলাই) দুপুরে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজে ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিস এর শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষায় যে বিনিয়োগ করছেন, তার সঙ্গে সিটি কর্পোরেশন যোগ হলে তখন ভিন্নমাত্রা পায়। এই স্কুল বাস সার্ভিস চালু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যুগান্তকারী অধ্যায় শুরু করেছে। আমরা অনুরোধ করবো বাস সার্ভিসটি শুধু স্কুল ভিত্তিক না করে, এলাকা ভিত্তিক রুট পরিচালনার।
আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সমূহকে সকল ইন্টারসেকশনে প্রায়োরিটি প্রদান করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। স্কুল বাসে থাকবে ট্র্যাকিং এবং আরএফআইডি সুবিধা, ছাত্রছাত্রীদের গতিবিধি পর্যবেক্ষনের জন্য রয়েছে অভিভাবকদের জন্য অ্যাপ, সার্ভিসটি মনিটরিং এর জন্য রয়েছে অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ এবং ডিএনসিসি’র জন্য পৃথক ড্যাশবোর্ড। এছাড়া ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রতিটি বাসে থাকবে ট্রিপ ম্যানেজার রাখার পাশাপাশি প্রতিটি বাসের ভিতর সিসিটিভি ক্যামেরা ও আইএসই সার্ভিস থাকবে। ২৪/৭ হটলাইন সাপোর্টও থাকবে এই স্মার্ট বাসে।
মেয়র বলেন, পরীক্ষামূলকভাবে বনানী বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজে তিনটি বাস দিয়ে এটি শুরু করেছি। পর্যায়ক্রমে অন্যান্য স্কুলগুলোতে এই স্কুল বাস সার্ভিস চালু করা হবে। স্কুল বাস সার্ভিস শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে।’
মেয়র আরও বলেন, ‘প্রাথমিকভাবে ডিএনসিসির স্মার্ট স্কুল বাস সার্ভিসে বিদ্যানিকেতন স্কুলের ৪৬০ জন শিক্ষার্থী ইতোমধ্যে পাওয়া গেছে। স্কুলটির কর্তৃপক্ষ জানিয়েছে আগামী জানুয়ারিতে তিন হাজার শিক্ষার্থী স্কুল বাস সার্ভিসের আওতায় আসবে। এজন্য ২০টি বাস প্রয়োজন হবে। যেখানে অনেকগুলো যানবাহনের মাধ্যমে শিক্ষার্থীরা যাওয়া আসা করতো সেখানে ২০টি বাসের মাধ্যমে সার্ভিসটি দেওয়া সম্ভব হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিস চালুর জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৯টি স্থানে নিজস্ব ব্যয়ে স্কুল বাস স্টপেজ নির্মাণ করেছে। এছাড়াও স্কুল বাসটিকে সফল করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রয়োজনীয় অর্থ সহায়তাও প্রদান করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শবনম জাহান শিলা, হাছিনা বারী চৌধুরী ও খালেদা বাহার বিউটি, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
রুট-১ : কুড়িল বিশ্বরোড (পুলিশ বক্সের কাছে)- কুড়িল চৌরাস্তা বসুন্ধরা গেট নদ্দা কোকাকোলা নতুনবাজার (ভাটারা থানাসংলগ্ন) নতুনবাজার (ইউএস অ্যাম্বাসির পূর্ব পার্শ্বের ঢাকা চাকা বাসস্ট্যান্ড)- বনানী বিদ্যা নিকেতন।
রুট ২ : ১০০ ফিট রাস্তায় বসুন্ধরা গেট (২নং ব্রিজ সংলগ্ন) ফ্যামিলি বাজার ছোলমাইদ/সাঈদনগর নতুনবাজার বাঁশতলা শাহজাদপুর নতুনবাজার (ইউএস অ্যাম্বাসির পূর্ব পার্শ্বের ঢাকা ঢাকা বাস স্ট্যান্ড) বনানী বিদ্যানিকেতন।
রুট ৩ : সুবাস্তু/উত্তরবাড্ডা (থানারোড) হোসেন মার্কেট লিংকরোড গুদারাঘাট গুলশান-০১ টিবি গেট ওয়ারলেস গেট আমতলি (জলখাবার) বনানী বিদ্যানিকেতন।
