ডিজিটাল বার্তা ডেস্ক : চলতি বছরের দ্বিতীয়ার্ধে স্মার্টফোন বিক্রি আগের পূর্বাভাসের চেয়ে কম হতে যাচ্ছে। সম্প্রতি এমন পূর্বাভাস শীর্ষস্থানীয় মেমরি চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান মাইক্রন টেকনোলজিসের। খবর সিএনবিসি
ভোক্তা চাহিদা কমার ফলে দ্বিতীয়ার্ধে প্রায় সব স্মার্টফোন বিক্রেতা কোম্পানিরই বিক্রি কমবে। মাইক্রনের সিইও সঞ্জয় মেহরোত্রা বলেন, চলতি বছরে স্মার্টফোন বিক্রি গত বছরের চেয়ে ৫ শতাংশ কমতে পারে। যদিও চলতি বছরে বিশ্লেষকদের পূর্বাভাস ছিল, স্মার্টফোন বিক্রি আগের বছরের চেয়ে ৫ শতাংশ বাড়বে।
মাইক্রনের পূর্বাভাস, চলতি বছরে ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রি গত বছরের চেয়ে ১০ শতাংশ কমতে পারে। কিছু পিসি ও স্মার্টফোন নির্মাতা কোম্পানি এরই মধ্যে গ্রাহক চাহিদার ওপর দাঁড়িয়ে তাদের মজুদ সমন্বয় করছে বলে জানান মেহরোত্রা। মাইক্রন সিইও আরো বলেন, সংখ্যার অঙ্কে দ্বিতীয়ার্ধে স্মার্টফোন বিক্রি কমতে পারে ১৩ কোটি ইউনিট।
মহামারীর দুই বছরে স্মার্টফোন ও পিসির চাহিদা চাঙ্গা থাকার পর সম্প্রতি শ্লথগতি দেখা দিয়েছে। মাইক্রনের পূর্বাভাসে এর ইঙ্গিত স্পষ্ট। ঘরে থেকে কাজ ও ক্লাসের কারণে মহামারীর দুই বছরে স্মার্টফোন ও পিসির চাহিদা রেকর্ড সর্বোচ্চে দাঁড়িয়েছিল। অ্যাপল, মটোরোলা ও আসুসসহ বিভিন্ন প্রযুক্তি কোম্পানির কাছে মেমরি চিপ সরবরাহ করে আসছে মাইক্রন। সম্প্রতি এ প্রতিষ্ঠানগুলোর ক্রয়াদেশ হ্রাসে মাইক্রনের কাছে স্পষ্ট হয়ে ওঠে দ্বিতীয়ার্ধে স্মার্টফোন ও পিসি বিক্রি কমবে।
