নিজস্ব প্রতিবেদক, ডিজিটাল বার্তা : পত্রিকার অনলাইন বা অনলাইন পত্রিকায় সংবাদ বুলেটিন কিংবা টকশোর আয়োজন করা আইনসম্মত নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, অনলাইনে সংবাদের সাথে ছোট্ট ভিডিও ক্লিপ যেতে পারে, কিন্তু আইন অনুযায়ী সংবাদ বুলেটিন কিংবা টকশো আয়োজন করা যায় না।
রবিবার (৩ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সম্পাদক ফোরামের নেতাদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আইনানুযায়ী টকশো এবং সংবাদ বুলেটিন প্রচার করা যে, পত্রিকার অনলাইন বা অনলাইন পত্রিকার কাজ নয় সে বিষয়ে টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের সংগঠন-এটকোর সাথে একমত পোষণ করেছেন সেজন্য আপনাদের ধন্যবাদ। এতে করে আমাদের পক্ষে অন্যদের সাথে কথা বলা সহজ হবে এবং বিষয়টি সহজে উপস্থাপন করা যাবে।
ড. হাছান মাহমুদ বলেন, দেশে কর্মরত সাংবাদিকদের একটি ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হলে তালিকায় সাংবাদিক হিসেবে কার নাম আছে, আর কার নাম নেই সেটি বোঝা যাবে। সবাই সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়া তখন কঠিন হয়ে যাবে।
বাংলাদেশ সম্পাদক ফোরামের উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিকতার নীতি-নৈতিকতা বজায় রেখে মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের কাজ করে যেতে হবে।
ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন বলেন, প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশন্স অ্যাক্ট অনুযায়ী সংবাদপত্রের অনলাইন বা অনলাইন সংবাদপোর্টালে টকশো বা সংবাদ বুলেটিন সম্প্রচারের কোনও সুযোগ নেই।

ফোরামের নেতৃবৃন্দ এ সময় নামসর্বস্ব ও অনিয়মিত পত্রিকায় সরকারি বিজ্ঞাপন ও ক্রোড়পত্র প্রদান বন্ধ ও মিডিয়া তালিকাভুক্তি বাতিল, বিজ্ঞাপনের বকেয়া বিল পরিশোধ, সংবাদপত্রগুলোর প্রচার সংখ্যা নির্ধারণ ব্যবস্থা ঢেলে সাজানো, অপেশাদার সাংবাদিককে পত্রিকার সম্পাদকের দায়িত্ব না দেওয়া, সম্পাদক ফোরামের সদস্যদের ভিআইপি মর্যাদা প্রদান ও বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্তি ও পত্রিকার ডিক্লারেশন দেওয়ার ক্ষমতা তথ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করাসহ ১০ দফা দাবি সংবলিত একটি পত্র মন্ত্রীকে হস্তান্তর করেন।
