নিজস্ব প্রতিবেদক : দেশের সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বর্তমান সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বাধীন ‘ওয়ান টিম’ প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বেসিসের ১১টি পদের মধ্যে ৮টিতে জিতেছে এই প্যানেল। ‘টিম স্মার্ট’ প্যানেল পেয়েছে তিনটি পদ।
নির্বাচনে জয়ী হওয়ার পর রাসেল টি আহমেদ তার প্যানেলের সদস্য ও শুভাকাঙ্খীদের উদ্দেশ্যে বলেন, আমরা নির্বাচনে জয়ী হয়েছি। আমি সবাইকে অনুরোধ করছি আমরা অতিরিক্ত কিছু বললো না, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন নেতিবাচক ও আক্রমণাত্মক পোস্ট দিব না। আমরা সুন্দরভাবে জয় উদযাপন করব। মনে রাখতে হবে এই নির্বাচনে সবচেয়ে বড় বিজয় হয়েছে বেসিসের। ৮৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এর মাধ্যমে প্রমাণ হয় বেসিসের ভোটাররা বেসিসকে ভালবাসে।
তিনি ৩৩ জন প্রার্থীর প্রত্যেককে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা সবাই মিলে একটা সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি। তিনি বলেন, সবাই মিলে আমরা ওয়ান টিম। সিনিয়র, জুনিয়র, নতুন মেম্বার সবাই মিলে আমরা আগামী দুই বছর বেসিসকে এগিয়ে নিয়ে যাব।
