নিজস্ব প্রতিবেদক : শুধু রাজস্ব বাড়ালেই মাদকের উপর নিয়ন্ত্রণ আরোপ সম্ভব নয় বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়। এজন্য সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকের শেকড় উৎপাটনে কাজ করতে হবে।
আজ সকালে “উন্নয়ন সমন্বয়” আয়োজিত ‘ই-সিগারেটের ভয়াবহতা ও আগামী প্রজন্মের স্বাস্থ্য ঝুঁকি’ শীর্ষক ওয়েবিনারে একথা জানান সংগঠনটির নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আতিকুর রহমান।
ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।
ডক্টর আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে বর্তমানে প্রতি বছর এক লক্ষ ৬১ হাজারের বেশি মাদকাসক্ত মানুষ ক্যান্সার ও হার্টের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।
ই-সিগারেট সহ বিভিন্ন মাদকে তরুণদের আসক্তি বাড়ছে, যা উদ্বেগজনক জানিয়ে তিনি বলেন, মাদকের উপর ট্যাক্স বাড়িয়ে নিরোধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা। মাদকাসক্তরা যাতে গ্রামেগঞ্জে মাদক ছড়িয়ে দিতে না পারে সেজন্য সর্বস্তরের জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে।
ওয়েবিনারে অন্যান্যের মধ্যে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের এপিডেমিওলজি ও গবেষণা বিভাগের প্রফেসর ডা. সোহেল রেজা চৌধুরী এবং অভিনেতা চঞ্চল চৌধুরী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ই সিগারেটে আসক্ত স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। শিশুদের জন্য ক্ষতিকর এই মাদকের ব্যবহার কমাতে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। এছাড়া স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত স্থানে ক্ষতিকর মাদক ই-সিগারেটের ব্যবহার কমাতে কঠোর নজরদারি বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন বক্তারা।
