নিজস্ব প্রতিবেদক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোনের বাইরে বৃহৎ স্মার্ট ডিভাইস ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা জানিয়েছে অনার বাংলাদেশ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘অনার কানেক্ট’ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নতুন প্রযুক্তি, পণ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে দেশের বাজারে প্রথমবারের মতো অনারের রোবট ফোন প্রদর্শন করা হয়। একই সঙ্গে প্রকাশ করা হয় অনারের নতুন ব্র্যান্ড লোগো। ‘ডেয়ার টু বি’ স্লোগানের মাধ্যমে প্রযুক্তিকে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে আরও সহজ ও স্বাভাবিকভাবে যুক্ত করার লক্ষ্য তুলে ধরে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের বাজারে আসবে অনার ম্যাজিক৯ প্রো। ২৮ সেপ্টেম্বর বিশ্ববাজারে উন্মোচিত এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি প্রসিদ্ধ সিনেমা ক্যামেরা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যারির সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে। এ নিয়ে অনুষ্ঠানে বিশেষ সেশন পরিচালনা করেন চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি ও সিনেমাটোগ্রাফার সুমন সরকার।
অনার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জিটিএম পরিচালক লিও পেই বলেন, বাংলাদেশে স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করলেও এখন ফোন অনারের বৃহৎ স্মার্ট ডিভাইস ইকোসিস্টেমের একটি অংশ। ফোন, ট্যাবলেট, পরিধানযোগ্য ডিভাইস, ল্যাপটপ ও টিভিকে পরস্পরের সঙ্গে যুক্ত করে ব্যবহারকারীর প্রয়োজন বুঝে কাজ করার উপযোগী করে তোলা হচ্ছে।
অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়ে যায় এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে অনার। রোবট ফোনও এই বৃহৎ ইকোসিস্টেমের একটি অংশ এবং সামনে আরও নতুন প্রযুক্তি ও ডিভাইস আনার পরিকল্পনা রয়েছে।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বাংলাদেশে অনারের ডিভাইস স্থানীয়ভাবে উৎপাদন করা হচ্ছে এবং উৎপাদনের মান বিশ্বের সেরা কারখানাগুলোর সমমানের। ধাপে ধাপে অনারের অন্যান্য ডিভাইসও দেশের বাজারে আনা হবে।
রোবট ফোন হাতে নিয়ে চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি বলেন, এটি দিয়ে পরীক্ষামূলকভাবে শর্টফিল্ম নির্মাণের সুযোগ রয়েছে। প্রচলিত ফিল্ম ক্যামেরার আকারের কারণে যেসব জায়গায় শুটিং কঠিন হয়, সেখানে রোবট ফোনের ক্যামেরা ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে ক্যামেরার মুভমেন্টের ক্ষেত্রে এটি নতুন ধরনের সম্ভাবনা তৈরি করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অতিথিদের জন্য আয়োজিত এক্সপেরিয়েন্স জোনে রোবট ফোনের পাশাপাশি প্রদর্শন করা হয় অনারের নতুন ফোল্ডেবল স্মার্টফোন ম্যাজিক ভি৬, বিভিন্ন স্মার্টফোন, ট্যাবলেট, ইয়ারবাড, হেডফোন ও স্মার্টওয়াচ। পাশাপাশি নতুন ল্যাপটপ ও টিভি প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশে এ দুই ক্যাটাগরিতে বড় পরিসরে প্রবেশের প্রস্তুতির কথা জানায় অনার। ল্যাপটপে একাধিক সিরিজের পাশাপাশি টিভিতে আধুনিক ডিসপ্লে প্রযুক্তিসহ ৩২ থেকে ১০০ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন মডেল আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
