নিজস্ব প্রতিবেদক : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ আগামী ১২-১৪ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার বিজয় সরণিতে অবস্থিত নভোথিয়েটারে অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গতকাল ১২ আগস্ট ২০২৬, বুধবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তর/সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া, অনুষ্ঠানটির ইভেন্ট ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত স্পেলবাউন্ড কমিউনিকেশনসের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক, উদ্ভাবক, বিজ্ঞানী এবং বিজ্ঞানভিত্তিক সংস্থা/প্রতিষ্ঠানের অংশগ্রহণে স্টল প্রদর্শনী থাকবে বলে সভায় জানানো হয়।
