ডিজিটাল বার্তা ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে স্টার্টআপদের উন্নয়নসহ তৃণমূল পর্যায়ে এর পরিসর বাড়াতে আইডিয়া প্রল্পের সাথে স্টুডেন্ট টু স্টার্টআপ (এসটুএস) ভেঞ্চারস লিমিটেড মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারে আইডিয়া প্রকল্পের কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
আইডিয়া প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং স্টুডেন্ট টু স্টার্টআপ (এসটুএস) ভেঞ্চারস লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান রূপক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের মূল লক্ষ্য হচ্ছে দুই পক্ষ যৌথভাবে বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেমের বিকেন্দ্রীকরণে একসঙ্গে কাজ করবে।
এই সমঝোতা স্মারকের আলোকে স্টার্টআপদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, মেন্টরিং, কাম্পেইন ও প্রচারণাসহ উদ্যোক্তা সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের কর্মসূচী গ্রহণ করা যা সারা বাংলাদেশের ছড়িয়ে থাকা উদ্যোক্তাদের ব্যাপকভাবে উৎসাহিত করবে। এছাড়া, কর্পোরেট নেটওয়ার্কিং, আউটরিচ, পাঠ্যক্রম কাঠামো, ডিজাইন এবং জ্ঞান-ভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রমে আইডিয়া প্রকল্পকে সহায়তা প্রদান করবে এসটুএস ভেঞ্চারস লিমিটেড।
উল্লেখ্য, এই এমওইউ এর মাধ্যমে আইডিয়া প্রকল্পের ফ্ল্যাগশীপ আয়োজন বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) এবং স্টার্টআপ কম্পাস ২.০ এর ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন ক্যাম্পেইন পরিচালনায়ও কাজ করবে এসটুএস ভেঞ্চারস লিমিটেড। এ ধরণের উদ্যোগ দেশীয় উদ্যোক্তাদের ভবিষ্যতে আরো দক্ষ করে গড়ে তুলতে যথেষ্ট ভূমিকা রাখবে বলে মনে করছে আইডিয়া প্রকল্প কর্তৃপক্ষ।
