ডিজিটাল বার্তা ডেস্ক : আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি দেয়া তথ্য সময় মত কাজে লাগানো গেলে দুর্যোগের ক্ষতি মোকাবেলা করা সম্ভব শতভাগ। আর এ কাজে অগ্রণী ভূমিকা পালন করতে সাংবাদিক ও গণমাধ্যম সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর পরিচালক আজিজুর রহমান।
শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর ঝড় সতর্কীকরণ কেন্দ্র মিলনায়তনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের কর্মশালায় এ আহবান জানান তিনি।
“আবহাওয়া ও জলবায়ু তথ্য-উপাত্ত উপস্থাপন সম্পর্কিত দক্ষতা ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক কর্মশালায় আবহাওয়া অধিদপ্তর পরিচালক বলেন, জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আবহাওয়ার সুনির্দিষ্ট তথ্য। বিশেষ করে আবহাওয়ার তথ্য জানা থাকলে প্রাকৃতি দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষতি রোধ করা সম্ভব। তবে আবহাওয়ার পরিভাষা সম্পর্কে ধারণা ও জ্ঞান না থাকায় এই তথ্য গণমানুষ এবং সব মানুষের কাছে পৌঁছতে বিভ্রান্তি তৈরি হয় বলে জানান তিনি। এমন সমস্যা সমাধানেই সাংবাদিকদের নিয়ে কর্মশালার আয়োজন বলে জানান আবহাওয়া অফিস পরিচালক।

দিনব্যাপি কর্মশালায় ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভারী বর্ষন, এলনিনো, খরা, উষ্ণায়ন, কৃষি ও বিমান চলাচলের মত গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আলোচনা করেন জেষ্ঠ্য আবহাওয়াবিদরা।
বক্তব্য রাখেন আবহাওয়া অধিদপ্তর উপপরিচালক আরিফ রাশিদ, বিএমডি ট্রেনিং ইন্সটিটিউট পরিচালক শেখ শাহজাহান আলম, ঝড় সতর্কীকরণ কেন্দ্রের জেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক, এসএম কামরুল হাসান, বজলুর রশীদ, রাশেদুজ্জামান, আব্দুর রহমান খান, মনোয়ার হোসেন, কৃষি আবহাওয়া বিভাগের ড. মো: শামীম হাসান ভুইয়া এবং ভূমিকম্প পর্যালোচনা বিভাগের মোমিনুল ইসলাম।
আবহাওয়া অধিদপ্তর আয়োজিত দিনব্যাপি কর্মশালায় অংশ নেয় জাতীয় গণমাধ্যমের প্রায় অর্ধশত সাংবাদিক। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আবহাওয়ার তথ্য জ্ঞান পেশাগত জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করেন সাংবাদিকরা।
