নিজস্ব প্রতিবেদক : তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোট শুরু হয়েছে। ভোট গ্রহণের প্রথম ঘন্টায় ৬ শতাংশ ভোট জমা পড়েছে।
বুধবার (৮ মে) সকাল ১০টায় রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে শুরু হয়েছে বেসিস নির্বাচনের ভোটগ্রহণ।ভোটকেন্দ্র এলাকায় ভোট ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। তিন প্যানেলের প্রার্থীদের কেউ কেউও এরই মধ্যে ভোট দিয়েছেন। চারটি ক্যাটাগরিতে ৬টি বুথে চলছে ভোট গ্রহণ। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন ঘিরে শুটিং ক্লাবের প্রবেশপথে তিন প্যানেলের সমর্থকদের ভিড় রয়েছে। প্রার্থীদের পক্ষে তারা প্রচার চালিয়ে যাচ্ছেন। ভোট উপলক্ষে শুটিং ক্লাবে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এবারের বেসিস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনটি প্যানেল— ‘টিম স্মার্ট’, ‘টিম ওয়ান’ ও ‘টিম সাকসেস’। ১১টি পদের নির্বচানে তিন প্যানেলে ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার রয়েছেন ১৪৬৪ জন। ভোটের প্রথম ঘণ্টায় সাধারণ সদস্য ক্যাটাগরির ৯৩২ জন ভোটারের মধ্যে ৫৯ জন, ৩৮৯ সহযোগী সদস্যদের মধ্যে ১৭ জন, অ্যাফিলিয়েটের ১৩৪ ভোটারের মধ্যে ২ জন এবং ইন্টারন্যাশনাল ক্যাটাগরির ৯ ভোটারের মধ্যে ৫জনই ভোট দিয়েছেন।
বেসিসের ১১ জনের বোর্ডে সাধারণ ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হবেন আটজন। এর সঙ্গে অ্যাসোসিয়েট, অ্যাফিলিয়েট ও ইন্টারন্যাশনাল ক্যাটাগরি থেকে একজন করে নির্বাচিত হবেন আরও তিনজন। নির্বাচনে এবার মোট মোট ভোটার এক হাজার ৪৬৪ জন। এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ভোটার ৯৩২ জন, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ভোটার ৩৮৯ জন, অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে ভোটার ১৩৪ জন ও আন্তর্জাতিক ক্যাটাগরিতে ভোটার ৯ জন।
একজন ভোটার জানান, এখন পর্যন্ত ভোট সৌহার্দপূর্ণ পরিবেশে হচ্ছে। আমরা চাই, তিন প্যানেলে যারাই সংখ্যাগরিষ্ঠ পাক না কেনো সবাই যেনো মিলেমিশে বেসিস এর কল্যাণে কাজ করবে। নতুন নেতৃত্বে বেসিস আরো শক্তিশালী হবে।
এর আগে ভোট শুরুর আগে উপস্থিত প্রার্থীদের সামনে নির্বাচন আচরণ বিধি বিষয়ে ব্রিফ করে সুষ্ঠু ভোট গ্রহণে সবার সহযোগিতা কামনা করেন বেসিসের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান টি আই এম নুরুল কবির। ভোট গ্রহণের সময় নির্বাচন বোর্ডের অপর দুই সদস্য সৈয়দ মামনুর কাদের ও নাজিম ফারহান চৌধুরী উপস্থিত ছিলেন।
এসময় নির্বাচনে সুষ্ঠু পরিবেশের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিন প্যানেলের প্রতিনিধিরা। বক্তব্য দেন ওয়ান টিম দলনেতা রাসেল টি আহমেদ, ‘টিম স্মার্ট’ প্যানেলের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট এবং টিম সাকসেস দলনেতা মোস্তাফা রফিকুল ইসলাম।
ভোট গ্রহণের শুরুর পর কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু রাখতে বহিরাগত ও সমর্থকদের ভোট প্রাঙ্গন থেকে হটিয়ে দেয় নির্বাচন কমিশন। অপরদিকে ভোটারদের মনোরঞ্জন করতে কেন্দ্রের পাশের দুই তলায় একটি প্যানেল অপ্যায়নের ব্যবস্থা করতে দেখা গেছে।
