ডিজিটাল বার্তা ডেস্ক : দেশে আবারো বেড়েছে করোনার প্রভাব ও সংক্রমণ। ঘরে ঘরে অনেকেই ভুগছেন জ্বর, সর্দি কাঁশিতে। আর জ্বর মাপতে আমরা ব্যবহার করি থার্মোমিটার। কিন্তু এবার অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টওয়াচে যুক্ত হচ্ছে শরীরের তাপমাত্রা পরিমাপের সেন্সর। শরীরে জ্বর আসলে নতুন এই সেন্সর জানিয়ে দেবে। খবর এনগ্যাজেট।
ব্লুমবার্গের মার্ক গারম্যানের বরাত দিয়ে খবরে বলা হয়, অ্যাপল ওয়াচ সিরিজ ৮ এ যুক্ত হতে যাচ্ছে তাপমাত্রা পরিমাপের সেন্সর। পুরোপুরি সঠিক পরিমাপ না দিতে পারলেও শরীরে অধিক তাপমাত্রা নির্ণয় করে নোটিফিকেশনের মাধ্যমে ডাক্তার দেখানোর কিংবা থার্মোমিটার দিয়ে পরীক্ষা করার জানান দেবে স্মার্টওয়াচটি।
সিরিজ ৮ স্মার্টওয়াচে তাপমাত্রা সেন্সর যুক্ত হচ্ছে এখবর এবারই প্রথম দিলেন এমন নয়। এর আগে ২০২১ সালের জুনে তিনি সর্বপ্রথম জানিয়েছিলেন যে, অ্যাপল শরীরের তাপমাত্রা পরিমাপ নিয়ে কাজ করছে। এছাড়া ২০২২ সালের ওয়্যারেবল সিরিজে সেটি আসতে পারেও বলে জানানো হয়।
