নিজস্ব প্রতিবেদক: রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম উবার বাংলাদেশে গাড়িচালকদের জন্য নতুন হাইব্রিড সাবস্ক্রিপশন সুবিধা চালু করেছে। নতুন এ ব্যবস্থায় চালকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সময়ভিত্তিক বা আয়ভিত্তিক সাবস্ক্রিপশন প্যাকেজ বেছে নিতে পারবেন।
চলতি বছরের শুরুতে মোটরসাইকেল চালকদের জন্য একই ধরনের সেবা চালুর পর এবার গাড়িচালকদের জন্যও এ সুবিধা নিয়ে এলো প্রতিষ্ঠানটি। উবার বলছে, স্থানীয় চালকদের চাহিদা বিবেচনায় প্ল্যাটফর্মকে আরও নমনীয় ও ব্যবহারবান্ধব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন মডেলে সাবস্ক্রিপশন ব্যবহারকারী চালকরা প্রতিটি ট্রিপে শূন্য শতাংশ কমিশন সুবিধা পাবেন। অর্থাৎ ট্রিপ থেকে অর্জিত পুরো আয় তাদের কাছেই থাকবে। এর পরিবর্তে তারা নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধ করবেন। উবারের আশা, এতে আরও বেশি চালক প্ল্যাটফর্মে যুক্ত হবেন এবং আয়ের সুযোগ বাড়বে।
উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদোয়ান রেজভী বলেন, বাইক চালকদের ইতিবাচক সাড়ার পর গাড়িচালকদের জন্যও হাইব্রিড সাবস্ক্রিপশন চালু করা হয়েছে। এতে চালকেরা নিজেদের জন্য উপযুক্ত সাবস্ক্রিপশন বেছে নিয়ে আরও সহজে আয় করতে পারবেন। একই সঙ্গে যাত্রীরাও নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা পাবেন।
উবার জানায়, তাদের অ্যাপের প্রতিটি ট্রিপে জিপিএস ট্র্যাকিং, স্বচ্ছ ভাড়া নির্ধারণ এবং অ্যাপ থেকেই জরুরি সহায়তা পাওয়ার সুবিধা রয়েছে। নতুন সাবস্ক্রিপশন মডেল চালুর মাধ্যমে দেশের রাইড-শেয়ারিং খাতে নিরাপত্তা, স্বচ্ছতা ও আস্থা আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
