দেশে অবৈধ মোবাইল ফোনের বিরুদ্ধে অভিযান চালাবে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে টেলিযোগাযোগ অধিদপ্তরের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সেমিনারে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ এ কথা জানান।
‘দেশে মোবাইল হ্যান্ডসেট উৎপাদনে চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সেমিনারের আয়োজন করে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিআরএনবি (টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ) ও মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি)।
টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদীর সঞ্চালনায় এই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।
এতে অংশ নেন দেশের মোবাইল শিল্প খাত ও টেলিযোগাযোগ খাতের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, পদস্থ কর্মকর্তারা।
সেমিনারে প্রতিমন্ত্রী গোয়েন্দা প্রধানকে বাজারে থাকা অবৈধ হ্যান্ডসেটের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য বলেন। হারুন অর রশিদ বলেন, বিমানবন্দরে প্রায় দেখি, ল্যাপটপ এবং মোবাইল ফোন একটা চ্যানেল দিয়ে আসে, যাকে লাগেজ বলে। সেখান দিয়ে বিপুল পরিমান মোবাইল আসে। একটা গ্রুপ আছে তারা এই মালগুলো বের করে। আমার কাছে মনে হচ্ছে, রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য কম দামে অন্য লাইন দিয়ে এগুলো নিয়ে আসছে। পরে আমাদের মোবাইল মার্কেটে কম দামে বিক্রি করা হয়। যারা অবৈধভাবে আনে তারা কম দামে আনে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে এবং যারা উৎপাদন করেন তারাও চ্যালেঞ্জের মুখে পড়ছেন।
ডিবি প্রধান বলেন, আমার মনে হয় ঘন ঘন অভিযান পরিচালনা করে, ভোক্তা অধিদপ্তর আপনারা আসলেন, আপনারাও করলেন, আমরাও করলাম। আমাদের সাইবার ডিভিশন আছে। যদি আমাদের প্রয়োজন মনে হয়, আমাদের কোনো কাজে লাগাবেন, আমরা আসলে অপরাধের বিরুদ্ধে কাজ করতে চাচ্ছি। দেশ এগোচ্ছে, অপরাধীরা সাইবার ক্রাইমের দিকে ঝুঁকছে। সব বিবেচনা করে আইন তৈরি করতে হবে। তাহলে আমরা এই বাজারের চ্যালেঞ্জ মোকাবিলা করে সম্ভাবনার দিকে নিয়ে যেতে পারব। দেশ লাভবান হবে।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি) সভাপতি জাকারিয়া শাহিদ।
বিশেষ উপস্থাপনা দেন মোবাইল অপারেটর রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম।
