টেকজোন টিভি ডেস্ক, ৪ এপ্রিল, ২০১৯: আগামীকাল বিশ্বের প্রথম দেশে হিসেবে বাণিজ্যিকভাবেই পঞ্চম প্রজন্মের (ফাইভজি) ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। গত ৩ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পঞ্চম প্রজন্মের ফাইভজি ইন্টারনেট সেবা চালুর বিষয়ে সম্প্রতি (সোমবার, ১ এপ্রিল) গাজীপুরের টেলিযোগাযোগ স্টাফ কলেজে এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, ‘বিশ্বের অনেক দেশ যেখানে ফাইভজি চালু করার চিন্তাই করেনি, সেখানে বাংলাদেশ ফাইভজির সফল পরীক্ষা সম্পন্ন করেছে। ফাইভজি চালুর ক্ষেত্রে বাংলাদেশ একদিনও পিছিয়ে যাবে না।’
তবে আসল কথা হচ্ছে ফাইভজি চালুর ক্ষেত্রে সত্যিই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। সব জল্পনা কল্পনাকে ছাপিয়ে আগামীকাল ফাইভজি চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া।

এবিষয়ে রয়টার্স জানায়, দক্ষিণ কোরিয়া স্যামসাং ইলেকট্রনিকসের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস ১০ এর মাধ্যমে ফাইভজি সেবা শুরু করছে।
ফাইভ-জি চালু হলে তা বর্তমান সচল ফোর-জি থেকে ২০ গুণ বেশি গতিতে কাজ করবে। একটি পূর্ণাঙ্গ সিনেমা মাত্র ১ সেকেন্ডে ডাউনলোড করা যাবে। লাইভ ভিডিও স্ট্রিমিংও আগের চেয়ে হবে অনেকগুণ দ্রুত।
দক্ষিণ কোরিয়া এমন সময় এ প্রযুক্তি উদ্বোধন করতে যাচ্ছে যখন চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জাপানের মতো দেশগুলো এ প্রযুক্তি নিয়ে গবেষণা ও পরীক্ষা চালাচ্ছে। প্রযুক্তির এ যাত্রায় সবাইকে পেছনে ফেলছে দেশটি।
ফাইভ-জি উদ্বোধন ও এর প্রচারের জন্য কোরিয়ায় কে-পপস্টার ও অলিম্পিকে গোল্ড বিজয়ী তারকাদের নিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সুত্র : রয়টার্স
