নিজস্ব প্রতিবেদক : ই–কমার্স খাতে স্বচ্ছতা ও গ্রাহক সুরক্ষা নিশ্চিত করতে “সেন্ট্রাল লজিস্টিকস ট্র্যাকিং প্ল্যাটফর্ম (সিএলটিপি)” বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ডাক ভবনে অনুষ্ঠিত এক নীতিনির্ধারণী সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই–এর মাধ্যমে সিএলটিপি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এবং এর প্রাথমিক ব্যবস্থাপনা ডাক অধিদপ্তর পরিচালনা করবে।
সভায় জানানো হয়, সিএলটিপি থেকে ডেলিভারি নিশ্চিত হওয়ার আগে কোনো ই–কমার্স প্রতিষ্ঠানকে পণ্যমূল্যের অর্থ ছাড় করা যাবে না। আগে পেমেন্ট প্রতিষ্ঠানের কর্মীদেরকে গ্রাহককে ফোন করে পণ্য পাওয়া নিশ্চিত করতে হতো। নতুন প্ল্যাটফর্ম চালু হলে এই ম্যানুয়াল যাচাইয়ের প্রয়োজন থাকবে না এবং প্রতিটি লেনদেনে স্বয়ংক্রিয় সুরক্ষা পাওয়া যাবে।
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এসক্রোতে থাকা অর্থ সমষ্টিগতভাবে তোলা যাবে না এবং প্রতিটি অর্ডারের পণ্য গ্রাহকের ঠিকানায় পৌঁছার পরেই অর্থ ছাড় করা হবে। এমনকি বিমান টিকিটসহ ভার্চুয়াল পণ্যের ক্ষেত্রেও আলাদা যাচাই–প্রক্রিয়া যুক্ত করা হবে।
সভায় আরও বলা হয়, “জাতীয় লজিস্টিক্স নীতি ২০২৫” এবং বাংলাদেশ ব্যাংকের “মার্চেন্ট অধিগ্রহণ ও এসক্রো নীতি ২০২৩” অনুযায়ী ই–কমার্স, কুরিয়ার, পেমেন্ট গেটওয়ে এবং ভার্চুয়াল সেবা প্রদানকারীদের সিএলটিপি প্ল্যাটফর্মে যুক্ত হওয়া বাধ্যতামূলক।
এ উদ্যোগ বাস্তবায়নে ডাক অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে নিয়মিত সমন্বয় করবে।
সভায় বিভিন্ন সরকারি সংস্থা, ই–কমার্স প্রতিষ্ঠান, ব্যাংক, কুরিয়ার সেবা এবং মোবাইল আর্থিক সেবার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মতে, প্ল্যাটফর্মটি চালু হলে দেশের ডিজিটাল বাণিজ্যে আস্থা ও নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
