ডিজিটাল বার্তা ডেস্ক: মোবাইল ফটোগ্রাফিতে ধারা বদলে দিতে আবারও নতুন উদ্ভাবন নিয়ে আসছে ভিভো। ফ্ল্যাগশিপ ডিভাইস ‘ভিভো এক্স৩০০ প্রো’ এবার টেলিফটো ইমেজিংয়ে দেবে প্রো-গ্রেড পারফরম্যান্স। প্রতিষ্ঠানটির দাবি, দূরের দৃশ্য ধরা, কম আলোতে ডিটেইল হারানো কিংবা হাত কাঁপায় শট নষ্ট হওয়ার মতো সীমাবদ্ধতা কাটাতে নতুন এই ডিভাইস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ ২০০ মেগাপিক্সেল জাইস এপিও টেলিফটো ক্যামেরা। উন্নত এই লেন্স দূরত্বে শার্পনেস, রঙের স্বচ্ছতা এবং ডিটেইলে এনে দেবে নতুন মাত্রা। ফলে ট্রাভেল, ওয়াইল্ডলাইফ, পোর্ট্রেট বা স্পোর্টস—যে কোনো পরিস্থিতিতেই পাওয়া যাবে স্পষ্ট ও স্বাভাবিক ছবি।
ডিভাইসটিতে থাকছে উন্নত স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি এবং ডুয়াল প্রো ইমেজিং চিপ, যা টেলিফটো শুটিংয়ের সময় দেবে স্থিরতা ও দ্রুত ফোকাসিং সুবিধা। সামান্য হাতের নড়াচড়াতেও ফ্রেম নষ্ট হবে না বলে জানাচ্ছে ভিভো। বিশেষ লেন্স কোটিং আলো নিয়ন্ত্রণ করে ছবিকে আরও পরিষ্কার করবে।
অপারেটিং সিস্টেমেও এসেছে উন্নয়ন। নতুন অরিজিন ওএস ৬ ব্যবহারকে করবে আরও মসৃণ এবং দ্রুততর। ডিজাইনেও রাখা হয়েছে প্রিমিয়াম ভাব—মাত্র ৭.৯৯ মিমি পুরুত্বে ডিউন ব্রাউন ও ফ্যান্টম ব্ল্যাক—এই দুই রঙে পাওয়া যাবে ডিভাইসটি।
ভিভো জানিয়েছে, এক্স৩০০ প্রো শুধু একটি নতুন ফ্ল্যাগশিপ নয়, বরং মোবাইল ইমেজিংকে দেবে নতুন মান। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, এই ডিভাইস প্রতিটি ব্যবহারকারীকে আরও নিখুঁতভাবে গল্প বলার সুযোগ করে দেবে।
