ডিজিটাল বার্তা ডেস্ক : অনলাইনে বাণিজ্যিক ভাবে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় করতে হলে এখন থেকে সেসব উদ্যোগ বা প্রতিষ্ঠানকে ব্যবসায় নিবন্ধন করতে হবে।
ই-কমার্স খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বিশ্বাসযোগ্য পরিবেশ সৃষ্টিতে ডিজিটাল কমার্স নীতিমালা ২০১৮ এর অধীনে বৃহস্পতিবার ডিজিটাল বিজনেস আডেন্টিটি (ডিবিআইডি) নামের এই নীতিমালা প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের অধীন ডিজিটাল কামার্স সেল এর মহাপরিচালক হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই নির্দেশিকা অনুযায়ী, কেবল জাতীয় পরিচয় পত্র দিয়েই এই নিবন্ধন সম্পন্ন করা যাবে। আর ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়া যেখানেই ব্যবসায় পরিচালনা করা হোক না কেন সেখানেই বাধ্যতামূলকভাবে এই ডিবিআইডি নম্বর উল্লেখ করতে হবে। যারা ইতিমধ্যেই এ ধরনের ব্যবসায় পরিচালনা করে আসছেন তাদের আগামী ৯০ দিনের মধ্যে ডিবিআইডি’র জন্য আবেদন করতে হবে।
আবেদনকৃত নামে যদি পূর্বে কোনো প্রতিষ্ঠান নিবন্ধিত হয়ে থাকে অথবা মূল মালিক অভিযোগ করে থাকে তবে স্বয়ংক্রিয় ই-মেইলে তার পরবর্তি আবেদন বাতিল করা হবে।
এছাড়াও আবেদনকারী প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডিশন, ই-ক্যাব বা অন্য কোনো ডিজিটাল কমার্স সংগঠনের অনুমোদিত যেকোনো ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য হলে সংশ্লিষ্ট প্রতষ্ঠানের সুপারিশের ভিত্তিতে ডিবিআইডি দেয়া যাবে। প্রতিষ্ঠানে শাখা কার্যক্রমও একই আইডিতে পরিচালিত হবে।
