ডিজিটাল বার্তা ডেস্ক: সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় উদ্ভূত পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক ও ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে। এ প্রেক্ষিতে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল না অন্য কোনো ঘটনা ঘটেছিল, তা জানতে উন্মুখ দেশের জনগণ। এ অবস্থায় বিটিআরসি এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের অবস্থান ও মোবাইল নেটওয়ার্ক ও ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার কারণ পরিস্কার করেছে।
বিটিআরসি বলছে, খাগড়াছড়ির দীঘিনালায় গত বৃহস্পতিবার দিনভর সংঘর্ষ চলে। সেদিন বিকাল ৪টার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।তাতে ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটর সামিট কমিউনিকেশনস লিমিটেড এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অপটিক্যাল ফাইবার কাটা পড়ে।
এর ফলে মোবাইল অপারেটর রবির ১৬টি টাওয়ার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে জানিয়ে বিটিআরসির ব্যাখ্যায় বলা হয়, জেলায় রবির দেড়শর মতো টাওয়ার থাকলেও উত্তেজনাকর পরিস্থিতি চলমান থাকায় সঙ্গে সঙ্গে সেসব টাওয়ার মেরামত করা সম্ভব হয়নি। এরপর শুক্রবার রবি সেখানে ১৪টি টাওয়ার সচল করতে পেরেছে। বিচ্ছিন্ন হয়ে পড়া বাকি দুই টাওয়ার এখনো মেরামত করা যায়নি।
বিটিআরসি বলছে, খাগড়াছড়িতে টেলিটকের ৭২টি টাওয়ার রয়েছে। পিডিবি থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ২৩টি এবং অন্যান্য কারণে সেখানকার আরও ৬টি টাওয়ার অচল হয়ে পড়েছে।
নিয়ন্ত্রণ সংস্থাটি জানায়, ‘খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় পাহাড়ি ও বাঙ্গালিদের মধ্যে সহিংসতায় উদ্ভূত পরিস্থিতিতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সচল রয়েছে। তবে কিছু কিছু এলাকায় ইন্টারনেট সংযোগ ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়া এবং কোনো কোনো এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না থাকায় স্বল্পসংখ্যক গ্রাহক ইন্টারনেট সংযোগ থেকে বঞ্চিত রয়েছে।
‘তবে ওই এলাকায় আইএসপি অপারেটরগুলোর ক্ষতিগ্রস্ত নেটওয়ার্ক পুনঃস্থাপন ও জেনারেটরের মাধ্যমে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সংযোগ প্রদানের কার্যক্রম চলমান থাকায় উক্ত এলাকাসমূহে ক্রমান্বয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হচ্ছে’ উল্লেখ করে বিটিআরসি।
বিটিআরসি জানায়, তারা মোবাইল নেটওয়ার্ক ও ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের কোন নির্দেশনা প্রদান করেনি।এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ইন্টারনেট ‘বন্ধ করা’ ইস্যুতে বিটিআরসির কাছে ব্যাখ্যা চান।
পরে মো. নাহিদ ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রাম অথবা পার্বত্য এলাকার কোথাও সরকারিভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করার কথা সত্য নয়। কোথাও ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়নি।
