ডিজিটাল বার্তা ডেস্ক : কয়েকদিন আগেই পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। এবার সে নিষেধাজ্ঞার পরিসর বাড়ানো হলো। নতুন ঘোষণা অনুযায়ী আসন্ন ঈদুল আজহার সাতদিন দেশের কোনো মহাসড়কে ভাড়ায়চালিত মোটরসাইকেল বা রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালানো যাবে না। সেই সঙ্গে এক জেলায় নিবন্ধিত মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না বলে বলেও নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রাণালয়।
রোববার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা থেকে এ নির্দেশনা দেয়া হয়। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বিভিন্ন আলোচনাও হয় এ সভায়। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালি ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহার আগের তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন সারাদেশের মহাসড়কে যৌক্তিক কারণ ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না। তবে যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে পুলিশের অনুমতি নিয়ে মোটরসাইকেল চালানো যাবে বলেও সেখানে উল্লেখ করা হয়েছে।
এছাড়া অনুমোদিত এলাকার বাইরে মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী তোলা যাবে না বা রাইড-শেয়ারিং করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। সেখানে আরো বলা হয়, এক জেলায় রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না। এ সাতদিন নিত্যপণ্য, কাঁচামাল, ওষুধ, জ্বালানি তেল, পচনশীল দ্রব্য, পোশাকসামগ্রী, রপ্তানি পণ্য, পশুবাহী ট্রাক ছাড়া ভারী পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি দেশের মহাসড়কে চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
