নিজস্ব প্রতিবেদক: শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাত ৯টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সমাপ্তি টানেন।
এর আগে এই অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের মধ্যে ৩৮টি প্রশ্ন জমা পড়েছিল। এর মধ্যে ১৫টির উত্তর তিনি দিয়েছেন। অন্যান্য মন্ত্রীদের জবাবদানের জন্য প্রশ্ন জমা পড়েছিল ৯০২টি। এর মধ্যে জবাব পাওয়া গেছে ৩৬৪টির।
জবাব দেয়া প্রশ্নোত্তরের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন ছিলো ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে। প্রায় আধাঘণ্টা ধরে তারকা চিহ্নিত ও সম্পূরক প্রশ্নের জাবাব দেন তিনি। এরমধ্যে উল্লেখযোগ্যগুলো তুলে ধরা হলো।
প্রশ্নোত্তরে ফেক আইডি দিয়ে অপপ্রচার বন্ধে মন্ত্রী-এমপিদের ব্যক্তিগত ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভেরিফায়েড করার পরামর্শ দিয়েছেন তিনি। জানিয়েছেন, দেষের ৯৮ শতাংশ এলাকা ফোর জি নেটওয়ার্কের আওতাধীনে এসেছে। ভবিষ্যতে শতভাগ কানেক্টিভিটি তার ভূগর্ভে স্থাপন করার পারিকল্পনা নেয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ব টেলিকম অপারেটর টেলিটকর সেবার মান বাড়াতে তিন হাজার নতুন বিটিএস সাইট (টাওয়ার) স্থাপনের কাজ বাস্তবায়ন পর্যায়ে রয়েছে। ডিজিটাল অগ্রগতির সঙ্গে বাড়তে থাকা সাইবার অপরাধ নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টার নজরদারি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং আইন হালনাগাদ করা হচ্ছে। তবে সঞ্চয়পত্র বিক্রির কমিশন কমানোয় ডাক অধিদফতরের আয় ৯০ শতাংশের বেশি কমেছে। তারপরও সফটওয়্যার ও হার্ডওয়্যার শিল্পে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করে আইসিটি শিল্পের বিকাশ ও ২০ লক্ষাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান তৈরির পাশাপাশি আইসিটি খাত এখন দেশের অন্যতম রপ্তানি শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সম্পূরক প্রশ্ন করেন ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ফেক ফেসবুক আইডি খুলে জনপ্রতিনিধি, ব্যবসায়ীদের চরিত্র হনন করা হচ্ছে, ইউটিউব আইডি খুলে মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। এটা বন্ধে মন্ত্রণালয়ের পদক্ষেপ সম্পর্কে জানতে চান তিনি।
সংসদে স্বতন্ত্র এমপি সৈয়দ সায়েদুল হক সুমনের সম্পূরক প্রশ্নে অভিযোগ উত্থাপন করে বলেন, মোবাইল অপারেটররা বিভিন্ন ভাবে এমবি কেটে নেন। কিন্তু আমরা ফোন কোম্পানিগুলোর সঙ্গে কুলিয়ে উঠতে পারি না। প্রতারণার শিকার হয়ে আমরা জিডিও করতে পারি না। এ বিষয়ে আমাদের সুরক্ষায় সরকারের কোনো বিশেষজ্ঞ প্যানেল আছে কি না তা আপনার কাছে জানতে চাই।
অপর স্বতন্ত্র সদস্য নাটোর-১ আসনের সাংসদ আবুল কালাম আজাদে সম্পূরক প্রশ্নে প্রতিমন্ত্রী পলকের কাছে প্রশ্ন রাখেন- ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য যে ভালো কাজ হচ্ছে এর মধ্যে কিছু দুষ্ট লোক হ্যাকারদের মাধ্যমে রাতের বেলা শত শত কোটি টাকা লুট করে নিচ্ছে। এই প্রক্রিয়াটি কি? তারা এটা কীভাবে করছে? মামলা দিয়েও রোধ করা যাচ্ছে না। হ্যাকার ও জুয়াড়িরা যেন সাধারণ মানুষকে যেন কষ্ট দিতে না পারে তার জন্য আপনার কী প্রযুক্তি বা পদ্ধতি আছে?
ঢাকার সংসদ সদস্য সাঈদ খোকনের সম্পূরক প্রশ্নে জবাবে প্রতিমন্ত্রী বলেছেন, আপনার নির্বাচনী এলকায় স্টাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্পের আওতায় নতুন করে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও স্কুল অব ফিউচার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ২০২৫ সালের মধ্যে দেশজুড়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আরো ১০ হাজার এবং প্রাথমিকে ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হবে।
ঠাকুরগাঁও-৩ এর সংসদ সদস্য হাফিজুদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে পলক জানান, অর্থ মন্ত্রণালয়ের নিষেধজ্ঞার কারণে গত অর্থ বছরে আমরা নতুন কোনো কম্পিউটার ল্যাব স্থাপন করতে পারিনি। এই অর্থবছরের আগামী জুনের মধ্যে আমরা ২ হাজারের মতো কম্পিউটার ল্যাবের প্রকিউরমেন্ট শুরু করবো। এরমধ্যে অল্পদিনের মধ্যেই আপনার আসনে ৫টি ল্যাব স্থাপন করা সম্ভব হবে বলে আশ্বস্ত করছি।
ব্রহ্মণবাড়িয়া ৬ আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামের জবাবে ভবিষ্যত স্মার্ট নাগরিক তৈরিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।
