স্টাফ রিপোর্টার, ঢাকা ৩ এপ্রিল, ২০১৯ : চার বিভাগের ১৮ জেলায় মোবাইল ফোন অপারেটরদের সেবা পরিমাপ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে কোন অপারেটরই ফোরজি’র ঘোষিত নির্ধারিত গতি দিতে পারেনি বলে জানিয়েছে বিটিআরসি।
সম্প্রতি খুলনা, বরিশাল, রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় ড্রাইভ টেস্ট পরিচালনা করে বিটিআরসি। এতে দেখা যায়, অপারেটররা সবচেয়ে দুর্বল গতির সেবা দিচ্ছে বরিশালে।
ফোরজি’র জন্য সর্বনিম্ন সাত এমবিপিএস গতিতে সেবা দেওয়ার কথা থাকলেও রবিশালে দেখা গেছে, বাংলালিংক ফোরজিতে তিন দশমিক ৫৬ এমবিপিএস স্পিডের ইন্টারনেট সেবা দিচ্ছে। বাকি দুই অপারেটর গ্রামীণফোনের ফোরজি ইন্টারনেটের গতি ৫ দশমিক ১ এমবিপিএস এবং রবি’র আছে ৪ দশমিক ৮৯ এমবিপিএস গতি।
রাষ্ট্রায়াত্ত্ব মোবাইল অপারেটর টেলিটক ঢাকার বাইরে এখনো ফোরজি নিয়ে যেতে পারেনি, তাই ড্রাইভ টেস্টে টেলিটককে হিসাব করা হয়নি। তবে এক্ষেত্রে থ্রিজি’র নির্ধারিত দুই এমবিপিএস ডাইনলোড স্পিড অন্য অপারেটরগুলো নিশ্চিত করতে পারলেও কোনো বিভাগেই টেলিটক তা দিতে পারেনি।
অপরদিকে ভয়েস কলে দেখা গেছে, বিটিআরসি নির্ধারিত কল ড্রপ দুই শতাংশ হলেও এই ক্ষেত্রে টোলিটকের কল ড্রপ হয়েছে সাত দশমিক ৯২ শতাংশ। তাদের কল ড্রপ রেট রাজশাহী এবং খুলনা বিভাগেও নির্ধারিত সীমার বাইরে।
কল সেটআপের জন্যে বিটিআরসি নির্ধারিত যে সাত সেকেন্ডের সময় বেঁধে দেওয়া আছে তা চারটি অপারেটরের কেউই অক্ষুন্ন রাখতে পারেনি।
বিটিআরসি’র ড্রাইভ টেস্ট থেকে জানা গেছে, কয়েকটি ক্ষেত্রে অপারেটররা ব্যর্থতার পরিচয় দিলেও কাভারেজের বিবেচনায় সব অপারেটর সব বিভাগেই বেশ ভালো অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, এর আগে ঢাকায় পারিচালিত পরীক্ষায়ও ফোরজি’র ঘোষিত ডাউনলোড গতি সাত এমবিপিএস দিতে পারেনি কোন মোবাইল অপারেটর কোম্পানিগুলো।
