নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি জেলার পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) তিনটি পার্বত্য জেলা পরিষদের সঙ্গে পৃথক চুক্তি স্বাক্ষর করেছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, বান্দরবন পার্বত্য জেলা পরিষদ এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তি শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষার এক নতুন অধ্যায় সূচিত করবে।
চুক্তির মাধ্যমে তিন জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে স্টারলিংক ইন্টারনেট সংযোগ স্থাপন করা হবে। শিক্ষার্থীরা নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে অনলাইন ক্লাস, ডিজিটাল কনটেন্ট এবং ভার্চুয়াল শিক্ষায় অংশ নিতে পারবে। ফলে ভৌগোলিক প্রতিবন্ধকতা সত্ত্বেও পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরাও মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত হতে পারবে।
সর্বশেষ ২৭ নভেম্বর বান্দরবন পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং বান্দরবন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এবং খাগড়াছড়ি সার্কিট হাউজে পৃথক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানগুলোতে বিএসসিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা পরিষদ কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। বর্তমানে বিভিন্ন স্কুলে স্টারলিংক সংযোগ বসানো শুরু হয়েছে।
বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, “এই চুক্তির মাধ্যমে পাহাড়ি অঞ্চলের শিক্ষাক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল। প্রযুক্তির মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির প্রসার ঘটিয়ে সরকার দক্ষ জনগোষ্ঠী গঠনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।”
সরকার পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তির মাধ্যমে সেই অঙ্গীকার বাস্তবায়নের এক নতুন অধ্যায় শুরু হলো। স্টারলিংক সংযোগের মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেটের সুবিধা পাবে, যা পার্বত্য অঞ্চলের শিক্ষার ডিজিটাল অভিযাত্রাকে আরও শক্তিশালী করবে।
