নিজস্ব প্রতিবেদক: ব্র্যাক ইউনিভার্সিটি দেশের প্রথমবারের মতো মানসিক স্বাস্থ্য ও সাইকোসোশ্যাল সাপোর্ট নিয়ে মাস্টার্স প্রোগ্রাম চালু করেছে। দেশের প্রয়োজন অনুযায়ী দক্ষ পেশাজীবী তৈরিতে এই প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (ব্র্যাক আইইডি) প্রোগ্রামটি পরিচালনা করবে।
মাস্টার্স প্রোগ্রামে তত্ত্ব, অনুশীলন এবং গবেষণার সমন্বয় থাকবে। আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় এই প্রোগ্রাম তৈরি করা হয়েছে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা ক্লাস নেবেন। ভর্তির জন্য আবেদন চলতি রয়েছে এবং শেষ তারিখ ২৮ ডিসেম্বর ২০২৫। প্রথম ব্যাচের ক্লাস আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে প্রোগ্রামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এর অংশ হিসেবে “মেন্টাল হেলথ ফর অল: ব্রেকিং স্টিগমা, বিল্ডিং ক্যাপাসিটি” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, পেশাজীবী ও নীতিনির্ধারকরা মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করেন। তারা স্টিগমা কমানো এবং সকলের জন্য কার্যকর সাপোর্ট সিস্টেম তৈরির উপায় নিয়েও মতবিনিময় করেন।
ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী বলেন, “মানসিক স্বাস্থ্য নিয়ে সবাইকে আরও বেশি কথা বলতে হবে। ভুল ধারণা ভাঙতে হবে। আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের আরও ভালোভাবে সহায়তা করার জন্য সক্ষমতা বাড়াতে হবে।”
ব্র্যাক আইইডির এক্সিকিউটিভ ডিরেক্টর ড. ইরাম মরিয়ম বলেন, “বাংলাদেশে বহু বছর ধরে শারীরিক স্বাস্থ্য নিয়ে অনেক কাজ হয়েছে, কিন্তু মানসিক স্বাস্থ্যও একইভাবে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে মানসিক স্বাস্থ্য নিয়ে আরও বেশি বিনিয়োগ করা খুব জরুরি।”
আলোচনা সভায় “থ্রাইভিং টুগেদার: ফ্রম লাইফ টু লিডারশিপ” শীর্ষক প্যানেলেও অংশগ্রহণ করেন বিভিন্ন পেশার মানুষ। তারা মানসিক সুস্থতার গুরুত্ব, চ্যালেঞ্জ এবং সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি মানসিক স্বাস্থ্যকে সার্বজনীন প্রয়োজন হিসেবে স্বীকৃতি দেওয়ার কর্মপরিকল্পনা গ্রহণ করে শেষ হয়।
