ডিজিটাল বার্তা ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ৮ম বারের মতো রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় আইটি প্রতিযোগিতা। শনিবার রাজধানী ঢাকার মিরপুরে বিইউবিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। এতে সহযোগিতা করেছে সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি (সিএসআইডি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)।
আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন। তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে যুব প্রতিবন্ধী ব্যক্তিদের অবদান রাখার ব্যাপক সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যুব প্রতিবন্ধী ব্যক্তিদের পিছিয়ে পড়ার সুযোগ নেই। তাদের সাথে নিয়েই আগামীর স্মার্ট বাংলাদেশ এর দিকে আমাদের এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিসি এর প্রশিক্ষণ ও উন্নয়ন শাখার ইনচার্জ পরিচালক মোঃ জফুরুল আলম খান।
বিইউবিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ ফৈয়াজ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিসি এর নির্বাহী পরিচালক (গ্রেড-১) রণজিৎ কুমার, বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি এর চেয়ারম্যান মোঃ সামশুল হুদা এবং সিএসআইডি এর নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম বক্তব্য রাখেন।
প্রাথমিকভাবে ১৪ থেকে ২২ বছর বয়সী আগ্রহীরা ডাক, ই-মেইল এবং অনলাইনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য নিবন্ধণ সম্পন্ন করেন। দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি) অর্থাৎ মোট ৪ ক্যাটাগরিতে সারাদেশ থেকে মোট ১৩ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উক্ত প্রতিযোগিতায় মাইক্রোসফ্ট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্যবহারের দক্ষতা যাচাই করা হয়।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রত্যেক ক্যাটাগরি থেকে সেরা প্রথম তিনজনকে অর্থাৎ ৪ ক্যাটাগরিতে মোট ১২ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এছাড়া, প্রত্যেক ক্যাটাগরি থেকে একজন করে অর্থাৎ ৪ ক্যাটাগরিতে ৪ জন মেধাবীর নাম আয়োজক কর্তৃপক্ষ বিজয়ী হিসেবে ঘোষনা করে।
৮ম জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৪ এর বিজয়ীরা হলেন: দৃষ্টি প্রতিবন্ধী ক্যটাগরিতে গাইবান্ধার মোঃ আল মানি মোস্তাকিম তাহসনি (১ম), ঝিনাইদহ এর মোঃ নাছিম (২য়) এবং ঢাকার মোঃ রাফাত করিম (৩য়)। শারীরিক প্রতিবন্ধী ক্যটাগরিতে রাজশাহীর মোঃ ইয়াসিন খন্দকার ইমন (১ম), পাবনার মোসাঃ স্বর্না খাতুন (২য়) এবং শেরপুরের মোঃ আব্দুল হামিদ (তয়)। বাক ও শ্রবণ প্রতিবন্ধী ক্যটাগরিতে ঢাকার মোঃ আতিকুর রহমান (১ম), ঢাকার সাবেকুন নাহার (২য়) এবং ঢাকার মামুনুর রশিদ ইফতি (৩য়)। সবশেষে, এনডিডি ক্যটাগরিতে ঢাকার ওয়াজিহ তাওসিফ রায়াত (১ম), ঢাকার আশরার বিল্লাহ খান (২য়) এবং ঢাকার রায়হান হোসেন (৩য়)।
প্রত্যেক বিজয়ী প্রতিযোগীকে প্রতি গ্রুপ থেকে যারা প্রথম হয়েছেন বিইউবিটি কর্তৃক তাদের পুরস্কার স্বরূপ একটি স্যামসাং ব্রান্ডের স্মার্ট ফোন উপহার হিসেবে প্রদান করে। এছাড়া প্রত্যেক বিজয়ীদের একটি করে স্মার্ট ফোন, সনদ ও ক্রেস্ট উপহার দেয়া হয়। বিজয়ীরা বিসিসি কর্তৃক পরিচালিত উচ্চতর প্রশিক্ষণ কোর্সে বিনা ফি’তে অংশগ্রহণের সুযোগ পাবে এবং বিজয়ী ১২ জনের মধ্য থেকে যাচাই-বাছাই করে শ্রেষ্ট ৪জন আগামী অক্টোবরে দুবাইয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
