নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগসহ তিনটি সুনির্দিষ্ট অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের ওপর শুনানি শুরু হয়েছে।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আইসিটি ট্রাইব্যুনাল–১ এ আজ প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে, গত ৭ জানুয়ারি শুনানির তারিখ পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়।
এদিকে, আইসিটি ট্রাইব্যুনাল–২ এ সাভারের আশুলিয়ায় ছয়টি মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার মামলায় আসামিপক্ষের সাফাই সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল–২ এ সকালে প্রথম দিনের সাফাই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।
এই মামলায় মোট ১৬ জন আসামির মধ্যে গ্রেপ্তার থাকা আট আসামির প্রত্যেককে এবং তাদের পক্ষে একজন করে সাক্ষী দেওয়ার অনুমতি দেওয়া হলেও, সাক্ষ্য দেবেন তিন আসামিসহ মোট পাঁচজন।
এছাড়াও দুই ট্রাইব্যুনালে আরও দুটি নতুন মামলার বিচারিক কার্যক্রম চলছে।
সকালে, পলকসহ এসব মামলায় গ্রেপ্তার মোট ১২ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
